ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি আইন অনুযায়ী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হবে এবং এখন তাঁর আপিলের সুযোগও নেই বলে আইনমন্ত্রী জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা জানান, সরকার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, সংশ্লিষ্ট আইনটি শেখ হাসিনার বাবা তৈরি করেছিলেন। আইনটি আগে তুলনামূলক কম স্বচ্ছ থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে এতে আরও স্বচ্ছতা আনা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া পরিচালিত হবে। সংশ্লিষ্ট অপরাধের জন্য দেশে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা এখন আর আপিলের সুযোগ পাবেন না।
তিনি আরও বলেন, গত সপ্তাহ থেকেই এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন মন্ত্রীও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে কেউ সংসদে গিয়ে জনগণের সামনে ভিন্নভাবে কোনো বক্তব্য দিলে সেটি আলাদা বিষয়।
তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছে। কোনো ধরনের অন্যায় চাপ বা শর্তের মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা সম্ভব নয়।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সভা, সমাবেশ কিংবা মিছিল আয়োজনকে বেআইনি বলে মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথাও জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে পুলিশকে প্রয়োজন অনুযায়ী সর্বনিম্ন ও আনুপাতিক মাত্রায় বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে স্বৈরাচারী সরকারের সময়ে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সেখানে যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহিংসতা ও নাশকতায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।