মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : রাজনীতি

লন্ডনে সংবর্ধনা পেলেন নাহিদ, অনুষ্ঠান শেষে হামলার অভিযোগ


Sifat Islam Sohag ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৯



লন্ডনে সংবর্ধনা পেলেন নাহিদ, অনুষ্ঠান শেষে হামলার অভিযোগ


যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ অভিযোগ করেন। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে তিনি ঘটনার নিন্দা জানান এবং যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সেখানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নাহিদ ইসলাম আরও জানান, ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁদের অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি প্রবাসীদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে সহিংসতা চালানোর সুযোগ কারও থাকা উচিত নয়। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, হামলার অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দেশটির গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।