মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের কর্মসূচির কারণে মিরপুরের একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবীর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর বেশির ভাগ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে তারা পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।