রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : ঢাকা

সাভার-আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি আরও ১০টিতে


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫



সাভার-আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি আরও ১০টিতে


ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকদের চলমান অসন্তোষের কারণে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। একই পরিস্থিতিতে আরও ১০টির বেশি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলেও শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, জিরাবো ও পুকুরপাড় এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় শিল্পাঞ্চলে মানুষের উপস্থিতি ও কর্মব্যস্ততা কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর প্রধান ফটকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় নোটিশ টানানো হয়েছে। সকালে কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে অনেক শ্রমিক কোনো ধরনের প্রতিবাদ ছাড়াই বাড়ি ফিরে যান। কয়েকটি স্থানে শ্রমিকদের ছোট ছোট দলে জড়ো হতে দেখা গেলেও শিল্প পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আশুলিয়ার বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোসহ নানা দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছেন। মালিকপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে কাজে ফেরার আহ্বান জানানো হলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ পুরোপুরি কাটেনি।

এ অবস্থায় শ্রমিক ও কারখানার নিরাপত্তার কথা বিবেচনা করে মালিকপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। শুক্রবার রাত থেকেই সংশ্লিষ্ট কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে শনিবার থেকে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে যেসব কারখানা খোলা রয়েছে, সেগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, রেডিয়্যান্স নিটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ মোট ৪০টি প্রতিষ্ঠান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড় ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ এবং যৌথবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় ৪০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।