দেশের স্বাস্থ্যসেবায় ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে প্রিসিশন মেডিসিন এবং জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। ভবিষ্যতে উন্নত রোগ নির্ণয় ও রোগীর প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করা গেলে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘Training Course on PET-CT & Cyclotron’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান সচিব বলেন, প্রতিরোধমূলক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার পাশাপাশি দেশের তরুণ জনগোষ্ঠী এবং মেধাবী চিকিৎসকদের দক্ষতা কাজে লাগিয়ে নতুন ওষুধ আবিষ্কার ও শিল্পের বিকাশে আরও উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, যথাযথ পরিকল্পনা এবং আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা হলে তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ উৎপাদন সম্ভব। এসব সেবা ও পণ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনোয়ার হোসেনের মতে, এ প্রশিক্ষণ তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির কার্যকর প্রয়োগ দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ. এস. এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনমাসের পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।
উল্লেখ্য, ৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।