বায়ুদূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর তালিকায় মঙ্গলবার সকালে শীর্ষে ছিল ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ২৩৪। এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা। শহরটির একিউআই স্কোর ছিল ১৯৮। মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৯১ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের দিল্লি ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। প্রতি ঘনমিটার বাতাসে এর ঘনত্ব পাওয়া গেছে ১৫৯ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মাত্রার প্রায় ৩২ গুণ।
ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে এই বায়ুমান সূচক প্রকাশ করা হয়েছে।
রাজধানীর পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি একিউআই রেকর্ড হয়েছে বারিধারা পার্ক রোড এলাকায়। সেখানে সূচক ছিল ২৮৪।
এ ছাড়া বিআইডিএস ও গুলশান লেক পার্ক এলাকায় একিউআই ছিল ২৭৩। বেচারাম দেউড়িতে ২৬৭, সাগুফতা ও গুলশানের বে’জ এইজ ওয়াটারে ২৪৮ এবং দক্ষিণ পল্লবীতে ২৪৭ স্কোর পাওয়া গেছে।
এদিকে গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় একিউআই ছিল ২১৭ এবং তিন নম্বর সেক্টরে ২০৫। এসব এলাকাতেও বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
ঢাকার আশপাশের এলাকাগুলোর মধ্যে গাজীপুরে একিউআই ২৪৫ এবং টঙ্গীতে ১৮৫ রেকর্ড করা হয়েছে।
তবে আইকিউএয়ারের একিউআই একটি তাৎক্ষণিক সূচক। আবহাওয়া, বাতাসের গতিপ্রকৃতি ও অন্যান্য পরিবেশগত কারণে দিনের বিভিন্ন সময়ে দূষণের মাত্রা এবং শহরগুলোর অবস্থান পরিবর্তিত হতে পারে।