ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়ার পাশাপাশি শিশু দুটির মৃত্যুর ক্ষেত্রে সন্দেহজনক হামের উপসর্গও পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকালপারসন ডা. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। মারা যাওয়া দুই শিশুর বয়সই ১০ মাস।
মৃত শিশুদের একজন মেয়ে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়। গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্য শিশুটি ছেলে। তার বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়। গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে ৮৭ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।