মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩

>> আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

>> সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন

>> প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের দুই মেট্রো স্টেশন

>> শ্রমিক বিক্ষোভে চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, টিয়ারশেল নিক্ষেপ

>> শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, আ. লীগ ও ছাত্রলীগের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

>> গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : ঢাকা

শ্রমিক বিক্ষোভে চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, টিয়ারশেল নিক্ষেপ


Sifat Islam Sohag ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৮



শ্রমিক বিক্ষোভে চতুর্থ দিনেও উত্তপ্ত সাভার-আশুলিয়া, টিয়ারশেল নিক্ষেপ


ন্যূনতম মজুরি কাঠামো ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো উত্তপ্ত রয়েছে ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালেও শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। নরসিংহপুর ও জামগড়াসহ কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। কোথাও কর্মবিরতি, আবার কোথাও বিক্ষোভ করেন শ্রমিকরা। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

একপর্যায়ে শ্রমিকরা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করলে তাঁদের সরিয়ে দিতে যায় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।

পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে শ্রমিক আন্দোলনের মধ্যে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন। তাঁদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। যারা নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গাজীপুরে পৃথক তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশ এসব মামলা করে। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গত শনিবার গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। তাঁদের বিক্ষোভের মুখে রোববার (১ নভেম্বর) রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে এরপরও সোমবার সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬৪টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলের স্বাভাবিক কর্মপরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।