পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু মহল শ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ উসকানিমূলক কর্মকাণ্ড চালালে সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।
কারখানা বন্ধ রেখে শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে মন্ত্রী জানান, বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। তাঁর দাবি, কিছু ব্যক্তি কারখানায় হামলার চেষ্টা করছেন। শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো পূরণ করা হয়েছে, মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকরাও এতে সন্তুষ্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও বোর্ডকে অনুরোধ জানিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে চূড়ান্ত আলোচনা বোর্ডের মধ্যেই হবে।
বর্তমান পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর মতে, রাজনৈতিক উদ্দেশ্যে এবং পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা সরকার কঠোরভাবে দমন করবে।