রাজধানীতে পোশাকশ্রমিকের পরিচয় ব্যবহার করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ পুলিশের।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।