মজুরি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পুলিশের বাধা অতিক্রম করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার শ্রমিকেরা একযোগে আন্দোলনে নামেন। এর আগে সোমবারও একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। সেদিন প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর শ্রমিকদের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। কাজে যোগ না দিয়ে তারা একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে পাশের মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান তারা। পরে ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানা গেছে। এরপর মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরাও কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দেন।
পরে কয়েক হাজার শ্রমিক কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেটের দিকে এগিয়ে যান। পুলিশ প্রধান সড়কে প্রবেশের পথ আটকে দিলেও শ্রমিকেরা ব্যারিকেড অতিক্রম করে মূল সড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।