নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় কার্যালয় বন্ধ থাকায় কেউ হতাহত হননি।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা ভেতর থেকে বিকট শব্দ শুনে বাইরে এসে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি ক্যামেরার মনিটর, টেবিল, সিলিং ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে কম্পিউটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কার্যালয় বন্ধ থাকায় আগুন কিছুটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন, পরে ফায়ার সার্ভিস এসে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।