রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় মোট ৫৭টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৫২ জন, তেজগাঁও থেকে ৭৫ জন, গুলশান থেকে ৬৯ জন, ওয়ারী থেকে ৬৬ জন, উত্তরা থেকে ৫৬ জন, মতিঝিল থেকে ৫১ জন, লালবাগ থেকে ৪৬ জন এবং রমনা বিভাগ থেকে ৩০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজনকে আটক করেছে।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় আটটি মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা জব্দের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।