রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় স্টেশনটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কন্ট্রোলরুম।
কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মিরপুর-১১ স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে এই স্টেশনে কোনো ট্রেন থামছে না। ফলে যাত্রীরা সেখানে ট্রেনে ওঠানামার সুযোগ পাচ্ছেন না।
তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিরপুর-১১ এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনটির কার্যক্রম আবার চালু করা হবে।