সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জলকামানও প্রস্তুত রাখা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৮টার পর জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন। পরে হা-মীম গ্রুপসহ আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান তারা।
শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, সকাল থেকেই শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।