সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান


Sifat Islam Sohag ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫১



বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান


বগুড়ার ধুনট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার দেয়ালে এ লেখা দেখা গেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদ, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরে এসব স্লোগান দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্রাফিতির ওপর এসব লেখা লিখেছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকা হয়েছিল। এসব চিত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বক্তব্যের পাশাপাশি দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাও তুলে ধরা হয়েছিল। তবে শনিবার সকালে সেসব গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, গ্রাফিতির ওপর না লিখে অন্য কোথাও ‘জয় বাংলা’ লেখা যেত। এভাবে লেখার মাধ্যমে মানুষের চেতনায় আঘাত করা হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, যারা এ কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী বোরহান উদ্দিন।

গ্রাফিতি আঁকার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই যোদ্ধা এস এম জাকির হোসেন অভিযোগ করেন, রাতের অন্ধকারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে এবং সেগুলোর ওপর ‘জয় বাংলা’ লিখেছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করে তিনি তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদও এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তাঁর অভিযোগ, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ‘জয় বাংলা’ লেখা দেয়ালগুলো পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।