দীর্ঘ সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথও নেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।
শপথে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন-সংগ্রাম চলবে। তাঁকে ফিরিয়ে আনতে রাজপথে থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।
জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর সভাপতি শেখ ইফতি জামান পল্লব নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান।
এ বিষয়ে শেখ ইফতি জামান পল্লব বলেন, তাঁরা সবাই একত্রিত হয়েছেন এবং দলীয় কার্যালয় খুলে দিয়েছেন, যাতে টুঙ্গিপাড়ার মানুষ সেখানে বসতে পারেন। তাঁর অভিযোগ, সরকার প্রশাসনের মাধ্যমে কার্যালয়টি বন্ধ করে রেখেছিল। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সারা দেশের সম্পদ এবং তাঁর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
এরপর দীর্ঘ সময় সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়। নিরাপত্তার অংশ হিসেবে কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ মোতায়েনসহ বিভিন্ন ব্যবস্থা জোরদার করা হয়েছিল।