গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।
এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।