গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের মহাসড়ক থেকে সরানো হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় বন্ধের নোটিশ টানানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন যাত্রী ও চালকেরা।
শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেছিলেন। সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়। চন্দ্রা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মৌচাক এলাকায় আবারও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সেখানেও একইভাবে তাঁদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শ্রমিক কবির হোসেন জানান, বৃহস্পতিবার তাঁদের কয়েকজন সহকর্মী আহত হয়েছিলেন। শনিবার সকালে তাঁদের একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এর প্রতিবাদে তাঁরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন। পাশাপাশি বেতন বৃদ্ধি ও ন্যায্য দাবি আদায়ের কথাও জানান তিনি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে চন্দ্রা ও মৌচাক এলাকার আশপাশের ১৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, চলমান আন্দোলন, ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের অর্থ হলো ‘কাজ নেই, মজুরি নেই’। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা বন্ধের দিনগুলোর মজুরি পান না। তবে সাধারণভাবে ছুটি ঘোষণা করা হলে সংশ্লিষ্ট শ্রমিকেরা নিয়ম অনুযায়ী ওই দিনগুলোর বেতন পাওয়ার কথা।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাভার ও আশুলিয়ায় ১৮টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করা হয়েছে। এ ছাড়া ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাতটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। শনিবার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে প্রায় ৫৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের সব কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার গ্রুপটির বীক নিট লিমিটেড কারখানার দিকে অন্য কারখানার শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। নিরাপত্তার কারণে সেদিন কারখানাটিতে ছুটি দেওয়া হয়। পরে শুক্রবার নোটিশ দিয়ে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রুপটির সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। শ্রমিক ও কারখানার নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বীক নিট লিমিটেডের এক নারী অপারেটর জানান, তাঁদের কারখানায় কোনো সমস্যা ছিল না। পাশের কারখানায় ঝামেলা হওয়ার পর বাইরের লোকজন তাঁদের কারখানার ফটক ভাঙচুর করে এবং নিরাপত্তাকর্মীকে মারধর করে। এ কারণে প্রথমে ছুটি দেওয়া হয়। পরে আশপাশের আরও কারখানা বন্ধ হওয়ায় তাঁদের কারখানাও বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন সম্পাদক খায়রুল মামুন বলেন, সব কারখানায় সমস্যা ছিল না। তাঁর মতে, ১২ থেকে ১৪টি কারখানায় বকেয়া বেতন, কাজের চাপ ও অসদাচরণসহ বিভিন্ন কারণে শ্রমিকদের অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বহিরাগতরা অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, মালিকপক্ষও বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে। বন্ধ ঘোষণা করা কারখানাগুলোতে যেন শ্রমিক ছাঁটাই না করা হয়, সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে।