পোশাকশ্রমিকদের স্বস্তি দিতে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রির কর্মসূচি চালু রাখার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমিকরা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কেনার সুযোগ পাচ্ছেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কৃষকদের বিষয়ে আফরোজা খানম রিতা বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। বর্তমানে কৃষকরাও তাদের উৎপাদিত ধানের ন্যায্য দাম পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের যাতায়াত আরও সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী। প্রস্তাবিত সেতুতে রেল যোগাযোগব্যবস্থা যুক্ত রাখার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
এর আগে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।