গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলন রোববারও (১৫ নভেম্বর) অব্যাহত ছিল। এদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর মধ্যে সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি ফুটপাতের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সকালে কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। বন্ধ ঘোষিত কারখানার মধ্যে রয়েছে পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স ও ডিভাইন। এ ছাড়া সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড এবং করণী নিট কম্পোজিট লিমিটেডের নাম রয়েছে।
কারখানা বন্ধের খবর পেয়ে কাজে যোগ দিতে আসা অনেক শ্রমিক বাড়ি ফিরে যান। কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কর্মসংস্থান হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।
কারখানা বন্ধের মধ্যেও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানালেও এর সমাধান হয়নি। এর মধ্যে কারখানা বন্ধের সিদ্ধান্তে চাকরি ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা কারখানা চালু রাখা, বেতন বৃদ্ধি এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের নতুন করে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলন মৌচাক ও সফিপুর এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দুর্বৃত্তরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসেও আগুন দিয়েছে। এসব ঘটনার পর এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের বিষয়টি শিল্প পুলিশ পর্যবেক্ষণ করছে। রোববারও কয়েকটি কারখানার শ্রমিকেরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বন্ধের নোটিশ এখনো সব কারখানার পক্ষ থেকে পুলিশের কাছে পৌঁছায়নি। নোটিশ হাতে পাওয়ার পর বন্ধ হওয়া কারখানাগুলোর বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।