সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : জাতীয়

শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর


Sifat Islam Sohag ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৩০



শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে পুনর্বিচারের প্রস্তাবকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়ার পাশাপাশি তাঁর পুনর্বিচার চায়। এ ক্ষেত্রে বাংলাদেশে পুনর্বিচারের কোনো আইনি সুযোগ রয়েছে কি না।

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর নতুন করে আবার বিচার করার প্রক্রিয়াকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আগে এ ধরনের বিচারপ্রক্রিয়া থাকলেও বর্তমানে এসব দেশে তা কার্যকর নেই। ভারতও এ ব্যবস্থা বাতিল করেছে।

আমিনুল ইসলাম বলেন, যে দেশ নিজেরাই এ ধরনের বিচারপ্রক্রিয়া অনুসরণ করে না, তাদের পক্ষ থেকে অন্য দেশকে পুনর্বিচারের পরামর্শ দেওয়া গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো আইনি প্রক্রিয়া নেই বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটরের অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া শুরু থেকে ভারত অবগত ছিল। তাঁর দাবি, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও সে সময় তাঁকে বাংলাদেশে ফিরে বিচার মোকাবিলা কিংবা যথাসময়ে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি। এখন আপিলের সময়সীমা পার হওয়ার পর পুনর্বিচারের কথা বলা হচ্ছে। এ ধরনের বক্তব্য তাঁরা প্রত্যাখ্যান করছেন বলে জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হিসেবে দায়িত্ব পালন করেন, তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার ৫৭ দিন পর চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আইন অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে মামলার শুরু থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। শেখ হাসিনা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারতে চলে যান।

ব্রিফিংয়ে আপিলের সুযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী যে সুযোগ নেই, তা সরকার বা তাঁর নিজের পক্ষেও দেওয়া সম্ভব নয়। তাঁর বক্তব্য, এই আইন ও বিচারপ্রক্রিয়ার বিধিমালা আওয়ামী লীগ সরকারের সময়ই প্রণীত হয়েছিল এবং ২০২৪ সালের আগ পর্যন্ত তারাই এই আইন ব্যবহার করে ট্রাইব্যুনাল পরিচালনা করেছে। বর্তমান সরকার আইন পরিবর্তন করেনি বলেও উল্লেখ করেন তিনি।

আমিনুল ইসলাম আরও বলেন, আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা তাঁর কার্যালয়—কেউই ইচ্ছা করলেই নতুন করে আপিল বা পুনর্বিচারের সুযোগ দিতে পারে না। ফলে এ বিষয়ে অন্য কোনো দেশের পরামর্শ গ্রহণেরও আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।