সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর অভিযোগের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যের সময় একাধিকবার হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সম্পূরক প্রশ্ন করার সময় হাসনাত আব্দুল্লাহ মোবাইল ফোন থেকে গণমাধ্যমের একটি শিরোনাম উদ্ধৃত করে বলেন, সারের ডিলারদের মধ্যে ২৮ জনই বিএনপির। তাঁদের মধ্যে ১০ জন নেতা, নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। তিনি আরও অভিযোগ করেন, কিছুদিন আগে নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তান কুপিয়ে হত্যা করেছেন। ওই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।
এ ধরনের আরও অভিযোগ তুলে হাসনাত জানতে চান, ডিলার নিয়োগের বিষয়টি সুপরিকল্পিত ছিল কি না এবং নিয়োগপ্রাপ্তদের আবার পর্যালোচনা করা হবে কি না।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। এর মধ্যে ডিলার নিয়োগকে কেন্দ্র করে উৎসব হওয়ার বিষয়টিও এসেছে। তিনি বলেন, সরকার চায় মানুষ উৎসবমুখর পরিবেশে ডিলারশিপ গ্রহণ করুক। তিনি ‘উৎসব’ শব্দটিকে ইতিবাচক অর্থে ব্যবহার করেছেন বলেও উল্লেখ করেন।
মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা চিৎকার ও হইচই শুরু করেন।
এ সময় কৃষিমন্ত্রী ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, তিনি নতুন মন্ত্রী হওয়ায় পাশ থেকে কথা বলা হলে কিছুটা অসুবিধা হয়। তাঁর বক্তব্য অপছন্দ হলে বিরোধী সদস্যরা পরবর্তী সময়ে প্রশ্ন করতে পারেন, তিনি তার জবাব দেবেন।
ডিলার নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী জানান, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।
তিনি বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনকারীদের যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলায় নির্দেশনা পাঠানো হয়। প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা পড়ে। পরে সেগুলো ইউএনওর কাছে পাঠানো হয়। উপজেলা পর্যায়ের কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তাঁদের মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।
মন্ত্রীর বক্তব্যের মধ্যেই আবারও হট্টগোল শুরু হয়।
এ সময় ডেপুটি স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি জবাব দেওয়ার অধিকারও রয়েছে। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় বিরোধী দলের সদস্যদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব চিফ হুইপের বলে তিনি মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, যাচাই-বাছাই শেষে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে উপদেষ্টা হিসেবে রাখার সুযোগ রয়েছে।
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা ও চিৎকার-চেঁচামেচি চলতে থাকে। পরে ডেপুটি স্পিকারের বারবার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।