কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালানোর প্রস্তুতি নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, তখন মামলার আসামিরা অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে পুলিশ সদস্যদের ঘিরে ধরেন। তাঁরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, মারধর করেন এবং সরকারি কাজে বাধা দেন। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশ সদস্যদের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান। আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।