শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পুলিশ। আগামী ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি সরবরাহের পরিকল্পনা ছিল বলে সন্দেহ করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খাবার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ এবং পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বরের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে নেতাকর্মীদের জন্য খাবার হিসেবে খিচুড়িগুলো প্রস্তুত বা মজুত করা হয়েছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, পুলিশ ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য খাবারগুলো রাখা হয়েছিল।
তিনি আরও জানান, খাবারগুলোর প্রকৃত মালিককে শনাক্ত করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে হস্তান্তরের পরিকল্পনা ছিল। তবে কাউকে পাওয়া যায়নি। পরে খাবার নষ্ট হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে সেগুলো ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। দোকানমালিক পলাতক রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।