ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে তার কোনো বক্তব্য নেই।
সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হয়।
জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। সংবাদ সম্মেলনে মূলত এই সম্মেলন নিয়েই আলোচনা হচ্ছে। শেখ হাসিনার পাসপোর্টের আবেদন বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে জানানো হয়, দেশ ছাড়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন শেখ হাসিনা। তার দেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তার ঘনিষ্ঠ সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।
এদিকে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।