মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এসব সম্পত্তি ব্যবহারের নির্দেশও রয়েছে রায়ে।
ইতোমধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকরের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে দেশে শেখ হাসিনার মোট কত সম্পদ রয়েছে, তা জানতে সামনে এসেছে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামার তথ্য।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই দিনই তিনি ভারতে আশ্রয় নেন। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হলে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচার শুরু হয়।
বিচার শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(এ) ধারা প্রয়োগ করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আহত ব্যক্তিদের ক্ষেত্রেও তাঁদের আঘাত ও ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়।
আইনের ২০(এ) ধারায় বলা হয়েছে, অপরাধের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে যেকোনো পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দিতে পারে। দণ্ডিত ব্যক্তির বিদ্যমান সম্পদ থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে তাঁর মালিকানায় আসা বা অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হওয়ার সময় জমা দেওয়া হলফনামায় শেখ হাসিনার সম্পদের বিবরণ পাওয়া যায়।
হলফনামা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ অর্থ ছিল ২৮ হাজার ৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ২ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া সঞ্চয়পত্রে ২৫ লাখ টাকা এবং এফডিআরে ছিল ৫৫ লাখ টাকা।
তাঁর নামে তিনটি মোটরগাড়ি রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। অলংকারের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৩ লাখ ২৫ হাজার টাকা। আসবাবপত্রের মূল্য উল্লেখ করা হয়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা।
স্থাবর সম্পদের বিবরণে রয়েছে ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমি। ঢাকার পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৯ নম্বর প্লটে অকৃষি জমির কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক জমির তথ্য দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(এ) ধারায় ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকলেও বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি বা সেখান থেকে অর্থ আদায়ের পদ্ধতি আইনে বিস্তারিতভাবে উল্লেখ নেই।
বিষয়টি নিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, আইন ও রুলস অব প্রসিডিউরে সম্পত্তি বাজেয়াপ্ত এবং জরিমানা করার বিধান রয়েছে। ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি কিংবা অর্থ আদায়ের প্রক্রিয়া স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, প্রচলিত পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অথবা ফৌজদারি কার্যবিধির ৩৮৬ ধারায় বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি ও জরিমানা আদায়ের বিধান রয়েছে। রায়ে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে এসব আইন অনুসরণের বিষয়টি উল্লেখ থাকলে সরকারের পক্ষে আদেশ বাস্তবায়ন সহজ হতে পারে।