গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকায় একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের সময় আশপাশে অনেক পথচারী থাকলেও কেউ তাঁকে রক্ষায় এগিয়ে আসেননি। পরে স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত যুবকের নাম আল মামুন। তিনি বোম্বে চিপসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন।
সড়কের পাশে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামের ভিডিওতে পুরো ঘটনা ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, যানজটের কারণে ডেলিভারি ভ্যানটি ধীরগতিতে এগোচ্ছিল। এ সময় তিন যুবক ভ্যানের কাছে এসে চালকের টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়া হয়। পরে চাপাতি দেখিয়ে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে একটি অটোরিকশায় করে পালিয়ে যান দুর্বৃত্তরা।
ঘটনার সময় সড়কে অনেক মানুষ চলাচল করছিলেন। কাছেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকেও দেখা যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আল মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ছিনতাই প্রতিরোধে কাজ করা সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল জানান, তাঁদের সংগঠনের কর্মীরা আহত আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাঁরা তাঁর খোঁজখবর রাখছেন এবং বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
তবে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না। কেউ তাঁকে বিষয়টি জানাননি।