বুধবার, নভেম্বর ৪, ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ফের উত্তেজনা, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; গ্রেপ্তার ৫

>> ফতুল্লায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাসে অসুস্থ তরুণী

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি ও সাংবাদিক আহত; থমথমে পরিস্থিতি

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

>> গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

>> গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

>> বরিশাল বিআরটিএর মোটরযান পরিদর্শক সৌরভ সাহার বিরুদ্ধে ফের ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়ার অভিযোগ

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

আপনি পড়ছেন : গাজীপুর

হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি ও সাংবাদিক আহত; থমথমে পরিস্থিতি


Sifat Islam Sohag ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০১



হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসি ও সাংবাদিক আহত; থমথমে পরিস্থিতি


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, এক সাংবাদিক এবং কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে পদ্মার মোড় ও ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের মহাসড়কে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সেখান থেকে আবার সংগঠিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং হেমায়েতপুর শিল্পাঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পরবর্তী সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষের ঘটনায় সাভার মডেল থানার ওসি সাইফুল আলম গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির কাঁদানে গ্যাসের প্রভাবে আহত হন। কয়েকজন আন্দোলনকারীও কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, তারা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করছেন। কোনো হুমকি-ধমকিতে পিছু হটবেন না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেশাররফ হোসেন বলেন, হেমায়েতপুরে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে হেমায়েতপুর শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।