গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন কয়েকজন পোশাকশ্রমিক। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার কিছু আগে কয়েকজন শ্রমিক মহাসড়কে জড়ো হয়ে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাকের ঘটনা ছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার অন্য কোথাও শ্রমিকদের বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে নতুন করে আরও ১০ থেকে ১২টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আগে বন্ধ থাকা কয়েকটি কারখানা আবারও উৎপাদন শুরু করেছে। কতটি কারখানা পুনরায় চালু হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব ও উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি অব্যাহত রেখেছে।