চট্টগ্রাম নগরের পৃথক দুটি এলাকায় আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এসব ঘটনা ঘটে। তবে আগুন লাগার সময় বাস দুটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
পুড়ে যাওয়া বাস দুটি নিহাল এন্টারপ্রাইজের বলে জানা গেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, সাগরিকা এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, নিউ মনসুরাবাদে বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল আকবর শাহ থানা এলাকায় বলে জানিয়েছেন তিনি। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন তাঁর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকাতেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরপর এসব ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।