চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, কুণ্ডেশ্বরী এলাকায় একটি বাড়ির সামনে সড়কের পাশে পিকআপ ভ্যানটি রাখা ছিল। গাড়িটির মালিক টিপু দাশ। সাধারণত তিনি রাতে গাড়িটি বাড়ির ভেতরে রাখতেন। তবে শুক্রবার রাতে সড়কের পাশে রেখে তিনি বাড়িতে চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয় বলে অভিযোগ ওঠে।
ভোরে স্থানীয়রা পিকআপটি পুড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা এবং কী কারণে গাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে দুটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। তাঁরা এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেন। তবে তাঁদের এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
সাবের সুলতান বলেন, এলাকায় অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে তাঁরা মনে করেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করেছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, এর আগে গহিরা এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল। তবে এখন পর্যন্ত কোনো ঘটনায় থানায় মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।