ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সতর্ক রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া নিপু ইসলাম তন্বী শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, মোহাম্মদ আমানুল্লাহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের একটি মিছিলেও তিনি অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।