মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল কার্যালয়ের এজিএম আসাদুজ্জামান জানান, ১০ থেকে ১৫ জন ব্যক্তি প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাই গ্লাস ভাঙচুর করে এবং সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক ও ব্যাংকের কর্মীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
ব্যাংকের নিরাপত্তাকর্মী আব্দুল ওহাব বলেন, ভাঙচুরের শব্দ শুনে বাইরে বের হলে হেলমেট পরা ও মুখ বাঁধা ১০ থেকে ১৫ জনের একটি দলকে দেখতে পান। তারা স্লোগান দিয়ে জানালা ভাঙচুর করে এবং ভেতরে দুই থেকে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় বলে তাঁর অভিযোগ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে পুলিশের আরেকটি দল গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।