সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাঁর অভিযোগ, দেশজুড়ে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। এসব অভিযোগের জবাবে নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে এমন ঘটনা ৩০টিতেও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
হাসনাত আরও বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে তৎকালীন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। অথচ বর্তমানে বিএনপি সরকার একই ধরনের ব্যবস্থা চালু করেছে, যার কোনো নিয়ম বা বিধিমালা নেই বলে দাবি করেন তিনি।
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার বিষয়টিও সামনে আনেন হাসনাত। তিনি কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, এমপিদের স্ত্রী, সন্তান ও ভাগনেদের পাওয়া ডিলারশিপ পুনর্বিবেচনা করা হবে কি না।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সারের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন নিয়োগেও সুযোগ করে দিতে মন্ত্রণালয় কিছু নিয়ম তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন এই সংসদ সদস্য।
সংসদ সদস্যদের পরিবারকেন্দ্রিক ব্যবসার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, ‘আমাদের দেশে এই কালচার কবে বন্ধ হবে—আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।’
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, হাসনাত আব্দুল্লাহ সারের ডিলার নিয়োগকে মহোৎসব হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি ‘উৎসব’ শব্দটিকে ইতিবাচক অর্থে দেখছেন। তাঁর প্রত্যাশা, মানুষ উৎসবমুখর পরিবেশে ডিলারশিপ গ্রহণ করবে। তবে উৎসব শব্দটিকে নেতিবাচক অর্থে বিবেচনা করলে বিষয়টি ভিন্ন হবে বলেও মন্তব্য করেন তিনি।
নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যায় কৃষিমন্ত্রী জানান, ডিলার নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।
মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনকারীদের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করে দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের নির্দেশনা পাঠানো হয়েছিল।
তিনি জানান, আবেদন প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়ে। পরে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।
যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে জেলা প্রশাসক, জেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে।
কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটিতে ছয় থেকে সাতজন সদস্য ছিলেন। তাঁরা সম্মিলিতভাবে যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম সুপারিশ করেন। প্রস্তাবনায় জেলা প্রশাসকসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল।
মন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটির সদস্যদের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তালিকার প্রথম স্থানে থাকা ব্যক্তির নামে ডিলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল কমিটির পাঠানো প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।