এইচএসসির প্রাক্-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে সরকারের কাছে বউ দেওয়ার দাবি জানিয়েছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম ফয়সল আলী। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।
ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষার খাতায় ফয়সল লেখেন, ‘মানুষ কী চায়, তা আমি জানি না। তবে আমি জানি, বাংলার যুবক আজ বাঁচতে চায়, ভালোবাসা চায়, একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কতটা কষ্টকর, তা আমার বন্ধু অভি আর ছামির চেয়ে ভালো কে জানে?’
তিনি আরও লেখেন, ‘আমি সরকারকে বলতে চাই, তাদের অন্তত একটা করে বউ দেওয়া উচিত। না হলে তাদের আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না।’
এ ছাড়া ফয়সল তাঁর উত্তরপত্রে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লিখেছেন এবং শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের এমন শিক্ষা কখনো দেওয়া হয়নি। এ ঘটনার জন্য ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যক্ষ আরও বলেন, সব শিক্ষার্থীর উচিত ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়া।