নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনটি মাইক্রোবাসে করে অন্তত ৩০ জন মুখোশধারী ব্যক্তি দত্তপাড়া এলাকায় আসেন। সেখানে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন। একপর্যায়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী এগিয়ে এলে মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে চলে যান তাঁরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।