কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দলটির ক্ষমতার অবসান ঘটে। তাঁদের অভিযোগ, ক্ষমতাচ্যুত শক্তি আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় রাজপথে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছিল। তাঁর অভিযোগ, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাঁর নির্দেশনা ও ভারতের আশ্রয়ে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে। এসব প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোথাও কাউকে নাশকতায় জড়িত দেখলে আইন নিজের হাতে না তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিবাদের সংস্কৃতি গড়ে উঠেছে। দীর্ঘদিনের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে যেন দেশে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। অতীতের ত্যাগ ও আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে বাংলাদেশ গণতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অগ্নিসংযোগ, নাশকতা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, উপাচার্যের সচিব আসলাম রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।