শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : রাজনীতি

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা


Sifat Islam Sohag ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৪:২৩



ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা


আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলেও জানা গেছে। তবে বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট দিতে আগ্রহী নয়। বরং ভারতের কাছ থেকে প্রত্যর্পণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অনড় রয়েছে সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের দাবির সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। সূত্রগুলোর মতে, তাকে প্রত্যর্পণের বিষয়টি সহজ নয়।

ভারতের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ক্ষমতায় থাকাকালেই তাকে ভারতে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা তাকে দিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছে দেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের রায় বিবেচনায় তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

১. নিরাপত্তা ও প্রাণনাশের আশঙ্কা

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও কারাবন্দি হতে হয়েছিল। পরবর্তী সময়ে তাকে গৃহবন্দি রাখা হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে উগ্রপন্থী ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো আরও প্রভাবশালী হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি প্রত্যর্পণসংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের একটি সরকারি অতিথিশালায় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হামলায় নিহত হন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ঘটনাও নিরাপত্তাঝুঁকির আলোচনায় উঠে এসেছে।

২০২৪ সালে শেখ হাসিনার দেশত্যাগের প্রেক্ষাপট বিবেচনায় তার প্রত্যর্পণের সম্ভাবনা আপাতত কম বলে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।

২. পাসপোর্ট পাওয়ার অনিশ্চয়তা

প্রতিবেদন অনুযায়ী, প্রত্যর্পণ ছাড়াও পাসপোর্ট অথবা ট্রাভেল পাসের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ থাকতে পারে।

গত সোমবার শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে এই আবেদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তিনি আবেদনটিকে ‘নিছক রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

৩. প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা

বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধটি উভয় দেশের আইনেই অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হয়।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতায় মানবতাবিরোধী অপরাধের বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত বা অন্তর্ভুক্ত করা হয়নি। ২০২৪ সালের ১ জুলাই ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে নতুন আইনটি কার্যকর হয়।

প্রত্যর্পণ চুক্তিতে ‘দ্বৈত অপরাধ’ নীতিও রয়েছে। অর্থাৎ, যে অপরাধের ভিত্তিতে কাউকে ফেরত চাওয়া হচ্ছে, সেটি দুই দেশের আইনেই অপরাধ হিসেবে বিবেচিত হতে হবে। তবে দুই দেশের আইনে অপরাধের নাম বা সংজ্ঞা এক হওয়া বাধ্যতামূলক নয়। এ ধরনের আবেদন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হয়।

চুক্তিতে রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রাখা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে তার মামলাটি রাজনৈতিক চরিত্রের কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তবে হত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় পড়ে না। বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছে।

এ ছাড়া বিচারপ্রক্রিয়া সৎ উদ্দেশ্যে পরিচালিত হয়নি, মামলাটি তুচ্ছ অথবা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থী—এমন যুক্তিতেও প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৪. ট্রাভেল পাসের মাধ্যমে ফেরার সম্ভাবনা

পাসপোর্ট না থাকলেও ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরার একটি নজির রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে।

লন্ডনে নির্বাসিত থাকার সময় তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। পরে দেশে ফেরার জন্য তিনি লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেন।

২০০৮ সালে কারাগার থেকে মুক্তির পর তারেক রহমান ও তার পরিবার যুক্তরাজ্যে চলে যান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগপর্যন্ত তারা সেখানেই ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়।

দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছিলেন। তবে তার আগে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছিল।

শেখ হাসিনার পরিস্থিতি এর চেয়ে আলাদা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে একই প্রক্রিয়ায় তার দেশে ফেরার পথ তৈরি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

৫. দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চাইলেও তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘ অবস্থানের বিষয়টি ব্যবহার করে বাংলাদেশে ভারতবিরোধী ও উগ্রপন্থী গোষ্ঠীগুলো ভারতকে লক্ষ্যবস্তু করছে। এসব গোষ্ঠীর প্রভাব নিয়ে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকার উদ্বিগ্ন বলে সূত্রগুলো জানিয়েছে।

ভারতও জানিয়েছে, শেখ হাসিনার ইস্যুর কারণে দুই দেশের সামগ্রিক সম্পর্ক আটকে থাকা উচিত নয়।

অন্যদিকে, তারেক রহমানের সরকার শেখ হাসিনার বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছে—এমন ধারণা তৈরি করতে চায় না। আবার তাকে দেশে ফেরানোর পর রাজনৈতিক অস্থিরতা কিংবা অতীতের মতো সাবেক নেতৃত্বকে ঘিরে সহিংস ঘটনার পুনরাবৃত্তির দায়ও নিতে চায় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব দিক বিবেচনায়, পাসপোর্ট পাওয়া, প্রত্যর্পণ চুক্তির আইনি শর্ত, নিরাপত্তা পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক বাস্তবতা—এসব কারণে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।