পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় এক মৃত বীর মুক্তিযোদ্ধার নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন ওই ব্যক্তি।
মৃত ব্যক্তির নাম সামচু ঢালী। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। কিন্তু গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় ঘটে যাওয়া ঘটনার পর দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। পাশাপাশি সেতুর উভয় প্রান্তে আটকা পড়ে যানবাহন।
এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। নামের তালিকায় ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।
বিষয়টি প্রকাশ্যে আসার পর মামলার আসামি তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সাড়ে সাত মাস আগে মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে পরবর্তী সময়ের একটি মামলায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে আলোচনা চলছে। আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন অনেকে।
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী জানান, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। এরপরও একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে, যা তাঁদের কাছে অত্যন্ত বিস্ময়কর।
নাজমুল বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় এল, সেটি তদন্ত করা প্রয়োজন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থাও দাবি করেন তিনি।
মামলার বাদী এসআই আকরাম বলেন, তিনি শুধু নামমাত্র মামলার বাদী। আসামিদের নাম তাঁকে সরবরাহ করা হয়েছে। শিবচরে ওই ব্যক্তির বাড়ি হলেও তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। কোথা থেকে নামগুলো এসেছে, তা সংশ্লিষ্টরা বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এত বিপুলসংখ্যক আসামির মধ্যে ভুলবশত দু-একটি নাম অন্তর্ভুক্ত হতে পারে।
তিনি আরও জানান, তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে কিংবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।