রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ


Sifat Islam Sohag ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯



শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ


ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণাকে সামনে রেখে দেশি-বিদেশি মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ উদ্দেশ্যে দলটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে অনলাইনে ধর্মঘট ও লকডাউনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা নিয়ে দলটির নেতাদের মধ্যেই স্পষ্ট কোনো ধারণা নেই।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতার মতে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে কূটনৈতিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত কঠিন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রয়োজন হতে পারে। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতার কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো নেই।

দলটির কয়েকজন নেতার আশঙ্কা, দেশে ফেরার ঘোষণা দিয়েও শেখ হাসিনা ফিরতে না পারলে তাঁর পাশাপাশি আওয়ামী লীগের ওপর থেকেও মানুষের আস্থা কমে যেতে পারে। অন্যদিকে বিভিন্ন কর্মসূচি ঘোষণার কারণে দেশে অবস্থানরত নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঝুঁকি বাড়ছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে মৃত্যুদণ্ডে দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে নানা আলোচনা চলছে। সরকারের অবস্থান হলো, তাঁকে দেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বাংলাদেশ।

ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ অনলাইনে বিভিন্ন কর্মসূচি প্রচার করছে। এর আগে ১০ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচিটি কার্যকর না হলেও ওই দিন এবং এর আশপাশের সময়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী এসব ঘটনার পক্ষে বক্তব্য দিয়েছেন। কেউ কেউ ঘটনার দায়ও স্বীকার করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে অভিযানও জোরদার করা হয়েছে। ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত কয়েকজনকে হাতেনাতে আটক করার দাবিও করেছে বাহিনীটি।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বার্ষিকী উপলক্ষে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে শনিবার লিফলেট বিতরণ, দেয়াললিখন, প্রচার ও গণসংযোগের কর্মসূচি ছিল। তবে এসব কার্যক্রমের উল্লেখযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তী কর্মসূচির মধ্যে মিছিল, স্মারকলিপি প্রদান ও কালোব্যাজ ধারণ রয়েছে। আগামী ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি।

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বড় একটি অংশ বর্তমানে ভারতে, বিশেষ করে কলকাতায় অবস্থান করছেন। দলীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিভিন্ন দেশে থাকা বেশ কয়েকজন নেতাও সাম্প্রতিক সময়ে ভারতে গেছেন। তাঁদের কেউ কেউ এখনো সেখানে অবস্থান করছেন।

নেতাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন ঘোষণার পরও প্রত্যাবর্তনের বাস্তব প্রক্রিয়া সম্পর্কে তাঁদের কাছে পরিষ্কার তথ্য নেই।

গত ৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স ই-মেইলের মাধ্যমে আবেদনটি পাঠিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য, ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ প্রমাণের মতো কোনো নথি দেওয়া হয়নি।

এরপর গত শুক্রবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ধারণা দেওয়া হয়, ভারতের সম্মতি ছাড়া তিনি দেশে ফেরার ঘোষণা দেননি।

প্রতিবেদনটিতে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা বাংলাদেশি সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন। তাঁকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হতে পারে। প্রত্যাবর্তন আকাশপথে কিংবা স্থলপথে হতে পারে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরুর বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হতে পারে।

তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পক্ষ থেকে এ ধরনের শর্ত দেওয়ার বাস্তবতা এখনো তাঁদের চোখে পড়েনি।

প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর অবস্থানে সরকার

শনিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিবিসির প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিকেরা। আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের নিজস্ব বিষয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি ভারতই বলতে পারবে।

এর আগে ৯ নভেম্বর শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবর প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না; বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানাতে হবে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান থাকলেও নির্ধারিত সময়ে শেখ হাসিনা আপিল করেননি।

ট্রাইব্যুনাল সূত্রের বরাতে জানা গেছে, আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তাঁর আর আপিল করার সুযোগ নেই। একই রায়ে শেখ হাসিনার নামে বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি ও তৎপরতার উদ্দেশ্য নিয়েও দলটির ভেতরে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, এভাবে কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় কিংবা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাঁর মতে, এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হতে পারে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ তৈরি করা। তবে এতে কতটা সাড়া পাওয়া যাবে, তা সময়ই বলে দেবে। একই সঙ্গে এসব কর্মসূচির কারণে সরকার আরও কঠোর হতে পারে এবং দেশে থাকা নেতা-কর্মীদের ঝুঁকি বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।