রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল


Sifat Islam Sohag ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫১



গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল


আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।

দলটি নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল বলে জানা গেছে। আয়োজকদের দাবি, এতে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় তাঁদের কারও কারও হাতে লাঠি ও বৈঠা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

একপর্যায়ে মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন। পরে তাঁরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন।

এ ছাড়া শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শহরের পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছিল। এ সময় পুলিশ মিছিলে বাধা দিয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিক্ষোভ চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।