গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন একদল ব্যক্তি। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় একদল লোক হঠাৎ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরে সকাল ১১টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীরা প্রকৃত শ্রমিক নন; তাঁরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে পুলিশের ধারণা।
তিনি আরও জানান, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
ওসি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।