হাওরে ভ্রমণের পরিকল্পনা করলে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় প্রশাসনের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলা জরুরি। হাউসবোট ও পর্যটকবাহী নৌযান পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে।
১. ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ: হাওরের যেসব অংশ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), সেখানে ইঞ্জিনচালিত নৌযান চলাচল করা যাবে না। তবে ইসিএর বাইরে হাউসবোট ও পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। মাটিয়ান হাওর ও বৌলাই নদ হয়ে টেকেরঘাট পর্যন্ত নৌযান চলাচলের সুযোগ রয়েছে।
২. হাউসবোট নিবন্ধন বাধ্যতামূলক: নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো হাউসবোট বা নৌযান পরিচালনা করা যাবে না।
৩. উচ্চ শব্দে গানবাজনা নিষিদ্ধ: হাউসবোটে উচ্চ স্বরে গান, মাইক ব্যবহার কিংবা পার্টির আয়োজন করা যাবে না।
৪. সিঙ্গেল-ইউজ প্লাস্টিক নিষিদ্ধ: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী বহন থেকে বিরত থাকতে হবে।
৫. পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা: প্রতিটি নৌযানে পানি বিশুদ্ধ করার ফিল্টার রাখা বাধ্যতামূলক।
৬. সেপটিক ট্যাংক ও ডাস্টবিন: হাউসবোটে সেপটিক ট্যাংক এবং কমপক্ষে দুটি ডাস্টবিন রাখতে হবে।
৭. জলাশয়ে বর্জ্য ফেলা যাবে না: হাওর, নদী বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
৮. হাউসবোটের দৈর্ঘ্য: হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে রাখতে হবে।
৯. নিরাপত্তা সরঞ্জাম: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপণযন্ত্র রাখতে হবে। গ্যাস সিলিন্ডারও নিরাপদভাবে ব্যবহার করতে হবে।
১০. আচরণবিধি জানানো: পর্যটকদের জন্য নির্ধারিত আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ভ্রমণ শুরুর আগে পর্যটকদের তা জানাতে হবে।
১১. জরুরি নম্বর প্রদর্শন: জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে।
১২. বর্জ্য ব্যবস্থাপনা: প্রতিটি ভ্রমণে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১৩. দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ বন্ধ: ঝড়, প্রবল বৃষ্টি, বজ্রপাতসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকলে পর্যটক পরিবহন বন্ধ রাখতে হবে এবং পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
হাওরে ভ্রমণের আনন্দ উপভোগের পাশাপাশি পরিবেশ রক্ষা ও নিজের নিরাপত্তার জন্য এসব নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব।