ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ার কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার জামগড়া ও খেজুরবাগান এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
অন্যদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে একদল শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন।
এ ছাড়া সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকায় আরেকটি শ্রমিক দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদেরও ধাওয়া দেওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।