ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বার্তায় তিনি জানান, ভালুকা ও ত্রিশালের শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। এবার সেই কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের শিল্পাঞ্চলেও বাহিনীটি মোতায়েন করা হলো।