টিকটক ভিডিওর জন্য ১০ টাকায় পুকুরে ঝাঁপ, শিশুর মৃত্যু; দেড় বছর পর আসামি গ্রেপ্তার
২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৫
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক আসামি আবদুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দেড় বছর পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল হাকিম (২৫) ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টিকটক ভিডিও তৈরির জন্য আবদুল হাকিম ১০ টাকার বিনিময়ে সৌরভকে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন। গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তার পায়ে লোহার তারকাঁটা ঢুকে গুরুতরভাবে আহত হয়।
পুলিশ জানায়, ঘটনার পর আবদুল হাকিম সৌরভকে আঘাতের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন সৌরভের মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় আবদুল হাকিমকে আসামি করে মামলা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মামলা হওয়ার পর থেকেই আবদুল হাকিম আত্মগোপনে ছিলেন। প্রায় এক বছর পাঁচ মাস পর তিনি এলাকায় ফিরেছেন—এমন খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।