যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিবেশ দিতে সরকার কাজ করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তরে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে আস্থা, পূর্বানুমেয়তা এবং ব্যবসা সম্প্রসারণের উপযোগী পরিবেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বড় একটি তরুণ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, তৈরি পোশাক ও উৎপাদন খাতের পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, কৃষি, স্বাস্থ্যসেবা ও জলবায়ু অর্থায়নে বিনিয়োগের সুযোগ রয়েছে।
সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা—এমন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বিনিয়োগ সহজ করার উদ্যোগ
বিনিয়োগকারীদের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা ও বিধিবিধান সহজ করা, বিনিয়োগ সুরক্ষা বাড়ানো, কর ও ভ্যাট ব্যবস্থাপনার উন্নয়ন এবং মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী।
ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
বৈঠকে অংশ নেওয়া বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগকারীদের কথা শুনে সম্ভাব্য বাধাগুলো দূর করতে সরকার কাজ করতে প্রস্তুত।
বৈঠকে ওয়াল স্ট্রিটের বিভিন্ন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।