গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। সরকার কোনো ধরনের নাশকতা বা সহিংসতাকে প্রশ্রয় দেবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন আইনবহির্ভূত। একই সঙ্গে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অস্ত্রধারীদের শনাক্তের কাজ চলছে। এলাকায় ইতিমধ্যে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনের প্রয়োজনে পুলিশের বলপ্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না। প্রয়োজন অনুযায়ী এবং আনুপাতিক হারে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করতে হবে।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না।
গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার বিষয় সামনে এলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, দায়িত্ব পালনে ঘাটতি থাকলে তা বিবেচনায় নিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা হয়।
গোপালগঞ্জে সহিংসতার প্রথম দিনের পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সেদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল।
তিনি দাবি করেন, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পদ্ধতিতে এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকেরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।