মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : আইন-আদালত

যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের


Sifat Islam Sohag ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০৭



যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের


সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠনটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শিশির মনির বলেন, আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তাঁর কথা হয়েছে। রঞ্জু তাঁকে জানিয়েছেন, নিজের পরিচয় একাধিকবার দেওয়ার পরও তাঁকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে মারধর করা হয়। তিনি নিজেকে আইনজীবী এবং লইয়ার্স কাউন্সিল ও জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়েছিলেন বলেও জানান শিশির মনির।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির ঝুঁকি তৈরি হবে।

শিশির মনির আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে বলে তিনি মনে করেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা করা প্রয়োজন। পাশাপাশি দায়িত্বশীল ব্যক্তিদের উদ্যোগে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের ছবি ও পরিচয় প্রকাশের কথাও বলেন তিনি।

তিনি বলেন, একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে অপমান ও নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তি পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছেন।

শিশির মনিরের মতে, এ ঘটনায় আগামীকালই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে বিচারের আওতায় আনা জরুরি।